২২ আগস্ট বেলজিয়ামের স্পা-ফ্রাঙ্করশঁ সার্কিটে অনুষ্ঠিত হয় মিশেলিন ল্য মাঁ কাপের রেস। সেখানেই অজিতের গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। রেসের একপর্যায়ে তার ১৬ নম্বর লিজিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের বাইরে গ্র্যাভেলে চলে যায়। গাড়িটি বিপজ্জনক জায়গায় আটকে যাওয়ায় রেসে সেফটি কার নামাতে হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই অজিতের ভক্তদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। বিভিন্ন প্রতিবেদনে ঘটনাটিকে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলেও পরে নিশ্চিত হওয়া যায়, অভিনেতা নিরাপদেই আছেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি।

রেসিংয়ের সঙ্গে অজিতের সম্পর্ক অবশ্য অনেক পুরোনো। অভিনয়ের বাইরে আন্তর্জাতিক মোটরস্পোর্টসে নিয়মিত অংশ নেওয়া অল্প কয়েকজন ভারতীয় তারকার মধ্যে তিনি অন্যতম। ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে জিটি৪ ইউরোপিয়ান সিরিজ এবং বিভিন্ন এন্ডুরেন্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।
নিজের রেসিং দল নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় অজিত। এবারের মিশেলিন ল্য মাঁ কাপের প্রতিযোগিতাতেও তিনি ‘অজিত রেডঅ্যান্ট বাই ভিরাজ’ দলের হয়ে এলএমপি৩ প্রো/অ্যাম বিভাগে অংশ নিচ্ছেন। স্পা-ফ্রাঙ্করশঁর এই রাউন্ডটি ছিল ২০২৬ মৌসুমের চতুর্থ আয়োজন।

রেসিং ট্র্যাকে দুর্ঘটনা অজিতের জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজে দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। দুবারই বড় কোনো আঘাত ছাড়াই রক্ষা পান অভিনেতা। এর আগে দুবাইয়ের ২৪ আওয়ার রেসের অনুশীলনেও দুর্ঘটনার মুখে পড়েছিল তার গাড়ি।
দুর্ঘটনা নিয়ে এর আগেও নিজের অভিজ্ঞতার কথা বলেছেন অজিত। তার বক্তব্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে প্রথমে তিনি নিজের শরীরের অবস্থা বোঝার চেষ্টা করেন। এরপর গাড়ির কী অবস্থা এবং আবার রেসে ফেরার সুযোগ আছে কি না, সেটিই দেখেন। রেস শেষ না করে ট্র্যাক ছাড়তে চান না বলেও জানিয়েছিলেন তিনি।
এবারও বড় বিপদ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন এই তারকা। তাই আপাতত ভক্তদের জন্য স্বস্তির খবর একটাই রেসিং ট্র্যাকে দুর্ঘটনার মুখে পড়লেও অজিত কুমার সুস্থ ও নিরাপদ আছেন।












