কয়েক মাস ধরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন এনাম সরকার। ভাইয়ের অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের। ছোট ভাইয়ের শারীরিক অবস্থার কারণে মানসিকভাবেও বিপর্যস্ত বেবী নাজনীন। ফলে জন্মদিন নিয়ে আলাদা করে উদ্যাপনের কথা ভাবার সুযোগও নেই তাঁর।

বেবী নাজনীন জানান, সাধারণত নিজের জন্মদিন ঘটা করে উদ্যাপন করেন না তিনি। তবে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। ভাইয়ের অসুস্থতায় পরিবারের সবার মন ভারাক্রান্ত। প্রতিটি দিনই কাটছে উৎকণ্ঠার মধ্যে। তাই জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে তাঁর একটাই অনুরোধ সবাই যেন এনাম সরকারের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বেবী নাজনীন। অনন্য কণ্ঠ ও গায়কির কারণে শ্রোতাদের কাছে তিনি ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামেও পরিচিত এই শিল্পী দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্র, টেলিভিশন, বেতার ও মঞ্চে অসংখ্য গান গেয়েছেন। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চেও নিয়মিত গান করেছেন তিনি।

‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘মরার কোকিলে’, ‘আর কত দিন’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’ ও ‘প্রিয়তমা’সহ তাঁর কণ্ঠের বহু গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা।
সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতিতেও সক্রিয় বেবী নাজনীন। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর ২০২৪ সালে দেশে ফেরেন তিনি। এরপর আবারও রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নতুন গান নিয়েও পরিকল্পনা শুরু করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে এনাম সরকারও দেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত তিনি। সাপ্তাহিক ‘পূর্ণিমা’, ‘দৈনিক জনকণ্ঠ’, ‘দৈনিক ইনকিলাব’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
জন্মদিনে সাধারণত নিজের নতুন কাজ, পরিকল্পনা কিংবা প্রাপ্তি নিয়ে কথা বলেন শিল্পীরা। কিন্তু বেবী নাজনীনের এবারের জন্মদিনের গল্পটা ভিন্ন। অসংখ্য মানুষের ভালোবাসা ও শুভেচ্ছার মধ্যেও তাঁর মন পড়ে আছে হাসপাতালের শয্যায় থাকা ছোট ভাইয়ের কাছে। তাই শুভেচ্ছার জবাবে তাঁর একটাই আবেদন “আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।”












