এসেছে আর্টসেলের নতুন গান ‘বিদায় কিভাবে জানাই’

Music WorldUPDATE

প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে প্রিয়জনকে হারানো কিংবা বিদায়ের স্মৃতির সঙ্গে গানটির কথা ও সুর মিলিয়ে দেখছেন অনেকে। ইউটিউবের মন্তব্যঘরে গানটি ঘিরে উঠে এসেছে নানা আবেগঘন অভিজ্ঞতার কথাও।

মুক্তির একদিনের মধ্যেই গানটির লিরিক্যাল ভিডিও ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি জমা পড়েছে শত শত মন্তব্য। এক শ্রোতা লিখেছেন, সম্প্রতি বাবাকে হারানোর পর কীভাবে তাঁকে বিদায় জানাবেন, তা নিয়ে যে কষ্ট ছিল গানটি সেই অনুভূতিকে যেন প্রকাশ করেছে।

আরেক শ্রোতা গানটির কথা ও আবেগের প্রশংসা করে লিখেছেন, প্রিয়জন চলে যাওয়ার বেদনা গানটির মধ্য দিয়ে ফুটে উঠেছে। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, নতুন গানটির মাধ্যমে আর্টসেল যেন তাদের পুরোনো আবহে ফিরে এসেছে।

গানটির কথা যৌথভাবে লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছে আর্টসেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকালিস্ট লিংকন ডি কস্তা।

শ্রোতাদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগীতশিল্পী মিনার রহমানও। চট্টগ্রামে একটি শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেল সদস্যদের সঙ্গে তোলা ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি ব্যান্ডটিকে নিজের প্রিয় ব্যান্ড হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে নতুন গানটি শোনার আহ্বান জানান।

আর্টসেলের ভাষ্য অনুযায়ী, ‘বিদায় কিভাবে জানাই’ তাদের দীর্ঘ সংগীতযাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তির প্রতীক। কিছু বিদায় কীভাবে জানাতে হয়, তা অনেক সময় জানা থাকে না—সেই না-বলা অনুভূতিগুলোরই একটি অংশ গানটির মাধ্যমে শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিয়েছে ব্যান্ডটি।

‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামে ‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছি’ ও ‘বিদায় কিভাবে জানাই’ এই চারটি গান রয়েছে। অ্যালবামের শেষ গান হিসেবে প্রকাশিত ‘বিদায় কিভাবে জানাই’ ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে।

 

 

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *