বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে নিজের ফেসবুক পেজে পোস্টার প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অপেক্ষা নয় আর, ধেয়ে আসছে আন্ধার।’

এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছিলেন নির্মাতা। নাজিফা তুষি, আফসানা মিমি, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও মোস্তফা মনোয়ারের চরিত্রের ঝলক দেখা গেছে প্রকাশিত ছবিগুলোতে।
সিনেমাটিতে সিয়াম আহমেদ অভিনয় করছেন গোয়েন্দা দেলোয়ার চরিত্রে। নাজিফা তুষিকে দেখা যাবে নাদিয়া এবং মোস্তফা মনোয়ারকে দেখা যাবে মনোয়ার চরিত্রে।

‘আন্ধার’কে অতিপ্রাকৃত ঘরানার সিনেমা হিসেবে নির্মাণ করা হলেও এতে থাকছে রহস্য, থ্রিলার, খুন এবং আবেগের মিশেল। সিনেমাটির গল্প তৈরি করেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
সিনেমাটির দেলোয়ার ও মনোয়ার জুটিকে ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। নির্মাতা রাফীর ভাষ্য অনুযায়ী, দেলোয়ারের পাশে থাকা মনোয়ার চরিত্রটি কখনো সোজাসাপটা, আবার কখনো নিজের জগতে হারিয়ে যায়। তাঁদের সম্পর্ককে শার্লক হোমস-ডক্টর ওয়াটসন কিংবা ফেলুদা-তোপসের সঙ্গে তুলনা করেছেন রাফী।

সিয়ামকে দেলোয়ার চরিত্রে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাফী জানিয়েছেন, তিনি প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা পরিচয়ে উপস্থাপন করতে চান। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর নায়কদের মধ্যে যেমন আলাদা বৈশিষ্ট্য ছিল, ‘আন্ধার’-এর নায়কও হবে সম্পূর্ণ ভিন্ন।
রাফীর ভাবনায় দেলোয়ার একজন ক্লাসিক হিরো—যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং কোনো ব্যক্তিগত লাভ বা প্রতিশোধের জন্য নয়, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ায়। বাংলাদেশি সিনেমায় এমন নায়কের উপস্থিতি তুলনামূলকভাবে কম বলেও মনে করেন নির্মাতা।

প্রথম অফিসিয়াল পোস্টারের মাধ্যমে এবার সিনেমাটির মুক্তির সময়ও নিশ্চিত হলো। একের পর এক চরিত্রের লুক ও রহস্যময় প্রচারণার পর অক্টোবরেই প্রেক্ষাগৃহে আসছে ‘আন্ধার’। এখন দর্শকদের অপেক্ষা সিনেমাটির পূর্ণাঙ্গ গল্প ও পর্দার উপস্থাপনা দেখার।












