আইয়ুব বাচ্চুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গান দুটির মধ্যে ‘রুপালি গিটার’ গেয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানটি নতুন করে কণ্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা। দুটি গানই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করলেও মূল গানের সঙ্গে তুলনা করতে গিয়ে তৈরি হয়েছে ভিন্নমত।

বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’ নিয়ে তুলনামূলকভাবে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে। অনেক শ্রোতা মনে করছেন, মূল গানের আবেগ অক্ষুণ্ন রেখে ভিন্নভাবে গানটি উপস্থাপন করা হয়েছে। বাপ্পার গায়কীতেও মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে।
অন্যদিকে কানিজ সুবর্ণার ‘কষ্ট পেতে ভালোবাসি’ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া বেশ দ্বিধাবিভক্ত। কেউ তাঁর কণ্ঠ ও নতুন সংগীতায়োজনের প্রশংসা করেছেন। তাঁদের মতে, গানে আলাদা একটি আবহ তৈরি হয়েছে এবং দীর্ঘদিন পর কানিজ সুবর্ণার কণ্ঠে গান শুনে ভালো লেগেছে।

তবে অন্য একটি অংশের শ্রোতা বিষয়টি সেভাবে গ্রহণ করতে পারেননি। তাঁদের অভিযোগ, মূল গানের আবেগ ও আবেদন ধরে রাখা সম্ভব হয়নি। কেউ কেউ নতুন উপস্থাপনাকে অতিরিক্ত পরিবর্তিত বলেও সমালোচনা করেছেন। ফলে গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যে পক্ষে-বিপক্ষে নানা মত দেখা যাচ্ছে।
তারপরও ‘উত্তরাধিকার’ উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন আইয়ুব বাচ্চুর ভক্তদের বড় একটি অংশ। তাঁদের মতে, নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তাঁর গান আবারও শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই আয়োজন কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে নতুন করে সামনে আনছে।

‘উত্তরাধিকার’ অ্যালবামে আইয়ুব বাচ্চুর ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা হচ্ছে। এতে অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুলসহ বেশ কয়েকটি ব্যান্ড। একক শিল্পীদের মধ্যেও রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে নেওয়া এই উদ্যোগের পেছনে রয়েছে তাঁর ব্যবহৃত গিটার, পোশাকসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণের পরিকল্পনাও। অর্থাৎ নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তাঁর গান ফিরিয়ে আনার পাশাপাশি তাঁর সৃষ্টিশীল উত্তরাধিকার সংরক্ষণের কাজও এগিয়ে নিতে চায় আয়োজক প্রতিষ্ঠান ‘এবি কিচেন’।












