সম্প্রতি ফ্যান এক্সপো বোস্টনে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের চরিত্রের নতুন যাত্রা নিয়ে কথা বলেন ক্রিস ইভান্স। রুশো ভ্রাতৃদ্বয়ের পরিচালনায় ফিরছেন তিনি। স্টিভ রজার্সকে নিয়ে নির্মাতাদের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেতা জানান, রুশোদের প্রিয় কাজগুলোর একটি হলো স্টিভকে বারবার কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা-আঘাতের পর আঘাত এলেও যে নায়ক আবার উঠে দাঁড়ায়, সেটিই তাঁদের কাছে নায়কের অন্যতম বৈশিষ্ট্য।

সেই ধারাবাহিকতায় ‘ডুমসডে’-তেও স্টিভ রজার্সকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইভান্স। তবে ঠিক কী ঘটবে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। ফলে ক্যাপ্টেন আমেরিকার গল্পে কী ধরনের বিপর্যয় অপেক্ষা করছে, তা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
ক্রিস ইভান্সের প্রত্যাবর্তন এমনিতেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর অন্যতম বড় আকর্ষণ। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আগের অধ্যায়ে স্টিভ রজার্সের গল্পের সমাপ্তি হয়েছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ। এরপর বহুদিন পর আবার সেই চরিত্রে ইভান্সকে দেখার সুযোগ তৈরি হওয়ায় সিনেমাটিকে ঘিরে আগ্রহও তুঙ্গে।
তবে এবার শুধু পুরোনো অ্যাভেঞ্জারদের গল্প নয়। নতুন সিনেমায় মার্ভেলের একাধিক প্রজন্মের সুপারহিরোকে একসঙ্গে দেখা যাবে। অ্যাভেঞ্জারদের পাশাপাশি এক্স-মেন, থান্ডারবোল্টস এবং ফ্যান্টাস্টিক ফোরের চরিত্ররাও থাকছেন। তাঁদের সবার সামনে সবচেয়ে বড় হুমকি হয়ে হাজির হবেন ডক্টর ডুম, আর এই ভয়ংকর ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র।

ডক্টর ডুম হিসেবে ডাউনি জুনিয়রকে বেছে নেওয়ার পেছনেও রয়েছে রুশোদের বিশেষ আস্থা। কমিক-কেন্দ্রিক এই চরিত্রের জন্য অভিনেতা যে কণ্ঠস্বর তৈরি করেছেন, সেটি শোনার পরই তাঁকে চরিত্রটির জন্য উপযুক্ত মনে হয়েছিল পরিচালকদের। অ্যান্থনি রুশোর ভাষ্য অনুযায়ী, ডাউনি যখন প্রথমবার সেই কণ্ঠে কথা বলেন, তখনই তাঁরা বুঝেছিলেন, চরিত্রটির জন্য এটিই সঠিক কণ্ঠ।
অর্থাৎ একদিকে স্টিভ রজার্সের ‘ব্রুটাল’ প্রত্যাবর্তন, অন্যদিকে ডক্টর ডুমের নেতৃত্বে নতুন বিপদ, সব মিলিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মার্ভেলের অন্যতম বড় সংঘাতের গল্প হয়ে উঠতে পারে।
অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ১৮ ডিসেম্বর। মুক্তির এখনও কয়েক মাস বাকি থাকলেও ক্রিস ইভান্সের এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, ক্যাপ্টেন আমেরিকাকে এবার ঠিক কতটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে?












