শুক্রবার, ৯ অক্টোবর নতুন এই উদ্যোগের ঘোষণা দেন সালমান। চ্যানেলটির প্রথম ভিডিওতেই দর্শকদের জন্য রেখেছেন ভিন্নধর্মী আয়োজন। সেখানে তাঁকে দেখা গেছে দুটি আলাদা চরিত্রে। একদিকে অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যদিকে শিক্ষার্থী। প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান নিজের বিশেষ অঙ্গভঙ্গি, শরীরী ভাষা এবং সংলাপ পরিবেশনের কৌশল শেখাচ্ছেন অন্য চরিত্রটিকে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও নতুন চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’
চ্যানেলটি চালুর পর থেকেই দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।
ইউটিউবে তারকাদের জনপ্রিয়তার লড়াই
সিনেমা ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ভক্তদের কাছে পৌঁছানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। এই প্ল্যাটফর্মে তারকারা তুলে ধরছেন ব্যক্তিগত জীবনের মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প, ভ্রমণ, রান্না এবং দৈনন্দিন নানা অভিজ্ঞতা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকারাও নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানও ইউটিউবে তারকাদের নিয়ে রান্না ও আড্ডাভিত্তিক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর ভিডিওতে বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না, গল্প ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ উঠে আসে। ২০২৪ সালে যাত্রা শুরু করা তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, পরিবারকে কেন্দ্র করে ভ্লগ তৈরি করে জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী অর্চনা পুরান সিং। স্বামী পরমিত শেঠি ও দুই ছেলে আর্যমান এবং আয়ুষ্মানকে নিয়ে তাঁর ভিডিওগুলোও দর্শকদের আগ্রহ তৈরি করেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরে তাঁর দুই ছেলেও নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেন।
সিনেমা ও টেলিভিশনেও ব্যস্ত সালমান
ডিজিটাল দুনিয়ায় নতুন যাত্রার পাশাপাশি অভিনয় ও টেলিভিশন নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। এ ছাড়া চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কথা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটির মুক্তি নিয়ে এর আগে একাধিকবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের মার্চে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে যায়। সর্বশেষ স্থগিতের পর এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
এদিকে, ইউটিউবে সালমানের নতুন যাত্রা তাঁর ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। অভিনয়ের পরিচিত জগৎ থেকে এবার নিজের ব্যক্তিত্ব ও পর্দার জনপ্রিয় অভিব্যক্তিগুলো সরাসরি তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। চ্যানেলটিতে ভবিষ্যতে কী ধরনের কনটেন্ট প্রকাশিত হয়, সেটিই এখন দেখার বিষয়।












