নানির ‘দ্য প্যারাডাইস’-এ দ্বিতীয় দিনের ধাক্কা

Films

শ্রীকান্ত ওদেলার পরিচালনায় ‘দ্য প্যারাডাইস’ বৃহস্পতিবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে বুধবার রাতে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনী থেকেও ছবিটি আয় করে। সব মিলিয়ে প্রথম দিনে ভারতের বক্স অফিসে ছবিটির নেট আয় দাঁড়ায় ৪৬ কোটি ২৫ লাখ রুপি। এটি নানির ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়। তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি ছবিটি। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ‘দ্য প্যারাডাইস’ নেট আয় করেছে ১৪ কোটি ৯০ লাখ রুপি। ফলে দুই দিনে ছবিটির মোট ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। শুক্রবার ছবিটির প্রদর্শনীর প্রায় ৩১ শতাংশ আসন পূর্ণ ছিল। এদিন মোট ৭ হাজার ৪৬টি শো অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ও দ্বিতীয় দিনের আয়ের ব্যবধান আরও স্পষ্ট হয় বিশেষ প্রদর্শনীর হিসাব ধরলে। বুধবার সন্ধ্যার বিশেষ প্রদর্শনী থেকে ছবিটির আয় হয়েছিল ১১ কোটি ৬০ লাখ রুপি। এরপর বৃহস্পতিবার নিয়মিত প্রদর্শনী থেকে আসে ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। দুই মিলিয়ে উদ্বোধনী আয় হয় ৪৬ কোটি ২৫ লাখ রুপি।

নানির আগের আলোচিত সিনেমাগুলোর বক্স অফিস পারফরম্যান্সের সঙ্গেও ‘দ্য প্যারাডাইস’-এর দ্বিতীয় দিনের আয় তুলনা করা হচ্ছে। ‘হিট: দ্য থার্ড কেস’ মুক্তির দ্বিতীয় দিনে ভারতে ১০ কোটি ৫০ লাখ রুপি এবং ‘দশরা’ ৯ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল। দুই দিন মিলিয়ে ‘হিট: দ্য থার্ড কেস’-এর আয় ছিল ৩১ কোটি ৫০ লাখ এবং ‘দশরা’র ৩২ কোটি ৯৫ লাখ রুপি।

তবে ‘দ্য প্যারাডাইস’-এর সামনে চলতি সপ্তাহান্তে তেলুগু ভাষার বাজারে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা নেই। ফলে শনিবার ও রোববার দর্শকসংখ্যা বাড়লে ছবিটির বক্স অফিসে আবারও গতি ফেরার সুযোগ রয়েছে। মিশ্র দর্শক ও সমালোচক প্রতিক্রিয়ার মধ্যেও সপ্তাহান্তে ছবিটি কতটা দর্শক ধরে রাখতে পারে, এখন সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ছবিটির গল্পের পটভূমি ১৯৮০-এর দশক। নাগরিক হিসেবে আইনগত স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই করা সাভারি জনগোষ্ঠীকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। নানি অভিনয় করেছেন জাডাল চরিত্রে, যে এই জনগোষ্ঠীর নেত্রী সম্মক্কার ছেলে। সম্মক্কার চরিত্রে আছেন সোনালি কুলকার্নি। অন্যদিকে মোহন বাবুকে দেখা গেছে সামন্তপ্রভু শিকাঞ্জা মালিকের ভূমিকায় এবং রাঘব জুয়াল অভিনয় করেছেন তার ছেলে বিক্রম মালিকের চরিত্রে। ছবিতে সাভারি জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি দুই পক্ষের সংঘাতও তুলে ধরা হয়েছে।

‘দ্য প্যারাডাইস’ প্রযোজনা করেছেন সুধাকর চেরুকুরি ও ইশান সাকসেনা। প্রধান চরিত্রে নানি, মোহন বাবু, কায়াদু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল অভিনয় করেছেন।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *