বিহারের একটি জঙ্গলকে ঘিরে এগিয়েছে ‘বন’-এর গল্প। সেখানে বাস্তবতার সঙ্গে মিশেছে লোককথা, বিশ্বাস ও অতিপ্রাকৃত নানা ঘটনা। সিনেমায় সিদ্ধার্থ ও তামান্নাকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। পরিচালনা করেছেন ‘পঞ্চায়েত’ সিরিজের নির্মাতা দীপক কুমার মিশ্র।
সিনেমাটির ছটপূজার একটি গানের দৃশ্যের শুটিংয়ের সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তামান্না। নদীর পানিতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার দৃশ্য ধারণের সময় আচমকাই তাঁর চোখে পানি চলে আসে। কেন এমন অনুভূতি তৈরি হয়েছিল, সে মুহূর্তে নিজেও বুঝে উঠতে পারেননি অভিনেত্রী।
তামান্নার কাছে ছটপূজা অবশ্য একেবারে অপরিচিত কোনো উৎসব নয়। ছোটবেলা থেকেই মুম্বাইয়ে এই উৎসবের আয়োজন দেখে বড় হয়েছেন তিনি। প্রতিবছর জুহু বিচে ছটপূজাকে ঘিরে মানুষের ব্যাপক সমাগমও দেখেছেন। তবে উৎসবটির সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস, আবেগ ও আত্মনিবেদনের গভীরতা এবার সিনেমার শুটিং করতে গিয়ে নতুনভাবে অনুভব করেছেন।
অন্যদিকে ‘বন’-এ কাজ করার অন্যতম কারণ হিসেবে গল্পের মৌলিকতার কথা বলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। নতুন ধরনের গল্প ও ভিন্ন জগতের চরিত্রে কাজ করার আগ্রহ থেকেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। তাঁর মতে, সিনেমাটি এমন একটি জগৎ তৈরি করেছে, যা প্রচলিত গল্পের বাইরে। তাই প্রস্তাব পাওয়ার পর বেশি সময় ভাবতে হয়নি তাঁকে।
সিদ্ধার্থের জন্য ‘বন’ আরও একটি কারণে উল্লেখযোগ্য। একতা কাপুরের সঙ্গে এটিই তাঁর প্রথম সিনেমা। ভারতের বিভিন্ন অঞ্চলের লোককথা ও স্থানীয় বিশ্বাসের উপাদানকে গল্পের সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ভাইরাল ফিভার বা টিভিএফের নিজস্ব নির্মাণশৈলীও এতে যুক্ত হয়েছে। এর সঙ্গে একতা কাপুরের ফ্যান্টাসি ঘরানার কাজের অভিজ্ঞতা মিলিয়ে সিনেমাটিতে আলাদা একটি আবহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
‘বন’ প্রযোজনা করেছেন শোভা কাপুর ও একতা কাপুর। বালাজি টেলিফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ ও তামান্না ছাড়াও অনুপ সোনি, মণীশ পল, শ্বেতা তিওয়ারি ও সুনীল গ্রোভারসহ আরও অনেকে।
সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্মাতা ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে ‘বন’-এর গল্পের নানা দিকও সামনে আসে। জঙ্গল, লোকবিশ্বাস ও অজানা শক্তিকে ঘিরে তৈরি এই গল্পে মানুষের বিশ্বাস ও ভয় কীভাবে একে অপরের সঙ্গে মিশে যায়, সেটিই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে উঠে এসেছে।
আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর। মুক্তির আগে তামান্নার শুটিংয়ের সেই আবেগঘন মুহূর্তও সিনেমাটিকে ঘিরে কৌতূহল বাড়িয়েছে।












