জীবনযুদ্ধে নাজেহাল রাহুল রায়!

Dhallywood

‘আশিকি’র সাফল্যের পর রাহুল রায় অভিনয় করেন ‘জুনুন’, ‘ফির তেরি কাহানি’ ও ‘ইয়াদ আয়ি’র মতো সিনেমায়। একের পর এক কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করলেও পরবর্তী সময়ে বলিউডে তার উপস্থিতি কমতে থাকে। এর মধ্যে ২০২০ সালে বড় ধাক্কা আসে তার জীবনে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয় তাকে। শারীরিক অসুস্থতার পাশাপাশি কাজের সংকট এবং আর্থিক চাপও কঠিন করে তোলে পরিস্থিতি।

স্ট্রোকের পর স্বাভাবিক জীবনে ফেরাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কয়েক বছর ধরে চিকিৎসা ও সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যাওয়ার পর এখন ধীরে ধীরে আবার কাজের জগতে ফেরার চেষ্টা করছেন রাহুল। তবে এই প্রত্যাবর্তনের পথ মোটেও সহজ হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাকে বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায়। নিজের জনপ্রিয় পুরোনো গানের সঙ্গে নাচতেও দেখা গেছে তাকে।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাকে নিয়ে কটাক্ষ ও ঠাট্টা করেন। এক সময়ের জনপ্রিয় নায়ককে বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখে অনেকেই নানা মন্তব্য করেন। তবে সমালোচনায় ভেঙে পড়েননি রাহুল। বরং নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, জীবনের প্রয়োজনে যে কাজ পাওয়া যায়, সেটিই তিনি করছেন। রাহুলের ভাষ্য, তারও সংসার ও ব্যক্তিগত খরচ রয়েছে। অর্থের প্রয়োজন আছে। ব্রেন স্ট্রোকের পর নতুন করে কাজ পাওয়া তার জন্য সহজ ছিল না। তাই কাজকে ছোট করে না দেখে নিজের প্রয়োজন অনুযায়ী যে সুযোগ এসেছে, সেটিই গ্রহণ করেছেন তিনি।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে কখনো কখনো দুই থেকে চার লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিকও পেয়েছেন এই অভিনেতা। তার কাছে এটি কোনো লজ্জার বিষয় নয়; বরং নিজের পায়ে দাঁড়ানোর আরেকটি উপায়।

এক সময় যে অভিনেতাকে ঘিরে বলিউডে ছিল বিপুল উন্মাদনা, সেই রাহুল রায়ের জীবন এখন অনেকটাই ভিন্ন। খ্যাতির আলো থেকে দূরে গিয়ে তাকে লড়তে হচ্ছে অসুস্থতা, কাজের অনিশ্চয়তা ও আর্থিক বাস্তবতার সঙ্গে।

তবু থেমে যেতে চান না রাহুল। জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে চান নব্বইয়ের দশকের এই তারকা। তার বর্তমান লড়াই যেন মনে করিয়ে দেয় তারকাখ্যাতি ক্ষণস্থায়ী হলেও জীবনের লড়াই থেমে থাকে না।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *