দীর্ঘ সময় নতুন কোনো সিনেমায় দেখা না যাওয়ায় মন্দিরা কি অভিনয় থেকে দূরে সরে গেছেন এমন প্রশ্নও উঠেছে। তবে অভিনেত্রীর বক্তব্য, অভিনয় থেকে দূরে নন তিনি; বরং নতুন কাজের প্রস্তুতিতেই ব্যস্ত সময় পার করছেন। মন্দিরা জানিয়েছেন, বর্তমানে তার হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলতি বছরই শুরু হওয়ার কথা। সেই কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্য সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর।

নতুন দুই সিনেমার খবর নিশ্চিত করলেও আপাতত প্রকল্পগুলোর নাম বা বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি মন্দিরা। নির্মাতা ও প্রযোজনা-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই আপাতত বিষয়গুলো গোপন রাখছেন তিনি। শুধু নতুন সিনেমার প্রস্তুতিই নয়, অভিনয় দক্ষতা আরও শাণিত করতেও নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন এই অভিনেত্রী। প্রতি মাসে অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নতুন সিনেমার চরিত্র নিয়েও রিহার্সাল করছেন।

মন্দিরার শোবিজ যাত্রা অবশ্য সিনেমা দিয়ে শুরু হয়নি। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পাওয়ার পর বিজ্ঞাপনচিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এরপর ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।

অভিষেকের পর থেকেই সিনেমাকেই ক্যারিয়ারের মূল জায়গা হিসেবে দেখছেন মন্দিরা। তাই দীর্ঘ সময় পর্দায় না থাকলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং নতুন দুই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।












