নতুন সিনেমা ‘দেশু ৭’-এর টিজার প্রকাশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভ আড্ডায় অংশ নেন দেব ও শুভশ্রী। সেখানে সিনেমার পাশাপাশি উঠে আসে তাদের ব্যক্তিগত সম্পর্ক, পুরোনো দিন এবং বর্তমান সমীকরণের নানা কথা।
এর আগে ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ বিরতির পর একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই কাজের পর দর্শকদের আগ্রহও নজরে আসে দেবের। এরপর শুভশ্রীকে নতুন সিনেমায় নেওয়ার বিষয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা।
আড্ডায় শুভশ্রী জানান, দেবের কাজের খবর তিনি নিয়মিত রাখতেন। এমনকি একসময় দেব পরিচালনায় আসবেন এমন প্রত্যাশার কথাও জানিয়েছিলেন তিনি।

বর্তমানে দুজনের সম্পর্ক কেমন, সে প্রসঙ্গেও কথা বলেন দেব। তার ভাষ্য, তাদের মধ্যে এখনো পারস্পরিক সম্মান রয়েছে। দেখা হলে স্বাভাবিকভাবেই সৌজন্য বিনিময় করেন তারা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে অপ্রয়োজনীয় আলোচনা হয় বলেও জানান তিনি।
এদিকে নতুন সিনেমার শুটিংয়েও তৈরি হয়েছিল পুরোনো স্মৃতির সঙ্গে নতুন অভিজ্ঞতার মিশেল। বাজেটের কারণে প্রথমে লাদাখের পরিবর্তে ব্যাংককে শুটিং করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লাদাখেই দৃশ্যধারণ করা হয়।
দীর্ঘ ১২ বছর পর রোমান্টিক দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে দুজনের মধ্যেই কিছুটা অস্বস্তি ছিল। তবে পেশাদারিত্বের সঙ্গে দ্রুতই পরিস্থিতি সামলে নেন তারা।
তবে পুরো আড্ডায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় দেবের একটি মন্তব্য। শুভশ্রীর বর্তমান পরিণত মানসিকতার প্রশংসা করতে গিয়ে পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না। তখন দু’জনেই সরল ছিলাম।’

দেবের এই কথায় যেন এক মুহূর্তে ফিরে আসে তাদের সম্পর্কের পুরোনো অধ্যায়। যদিও সেই সম্পর্ক এখন অতীত, তবু সময়ের ব্যবধানে দুজনের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন এক বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা।
পর্দায় নতুন করে জুটি বাঁধার পাশাপাশি তাদের এই খোলামেলা কথোপকথনও তাই দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল।












