কারিনার আসন্ন সিনেমা ‘দায়রা’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ঘটে ঘটনাটি। পুরো দলের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেওয়ার সময় আলোকচিত্রীদের পক্ষ থেকে তাকে বারবার ডানে-বাঁয়ে সরে দাঁড়ানোর অনুরোধ করা হচ্ছিল। একপর্যায়ে দৃশ্যত বিরক্ত হয়ে নিজের হাই হিলের দিকে ইঙ্গিত করে অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারিনাকে বলতে শোনা যায়, ‘কখনো এদিকে, কখনো ওদিকে; হিল পরে আছি তো!’

ভিডিওটি ছড়িয়ে পড়তেই কারিনার আচরণ নিয়ে শুরু হয় আলোচনা। কেউ কেউ তার প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলে মনে করলেও অনেকে তুলনা টেনেছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে। পাপারাজ্জি ভাইরাল ভায়ানির একটি পোস্টের মন্তব্যে একজন লিখেছেন, ‘ইনি তো জয়া বচ্চনের বোন!’ আরেকজনের মন্তব্য, ‘আরও একজন জয়া বচ্চন তৈরি হচ্ছেন।’ কারও কারও মতে, বয়সের কারণেই কারিনার এমন আচরণ দেখা যাচ্ছে। মূলত পাপারাজ্জিদের সঙ্গে কঠোর আচরণের জন্য জয়া বচ্চন বহুবার আলোচনায় এসেছেন। তাই কারিনার সাম্প্রতিক ভিডিও সামনে আসার পর সেই পুরোনো প্রসঙ্গই নতুন করে ফিরে এসেছে। এদিকে সাম্প্রতিক সময়ে কারিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি গুঞ্জন ছড়িয়েছিল। জিম থেকে বের হওয়ার সময় ধারণ করা একটি ভিডিও দেখে অনেকে অভিনেত্রী অন্তঃসত্ত্বা বলে ধারণা করেন। পরে কারিনার পক্ষ থেকে সেই খবরকে ভুয়া বলা হয়। তার ননদ সাবা আলি খানও বিষয়টিকে ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের ফল বলে ব্যাখ্যা করেছিলেন। পরে বিষয়টি নিয়ে নিজের রসবোধের পরিচয় দেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফুলে থাকা পেটের ছবি শেয়ার করে মজার গানের সঙ্গে পোস্ট দেন তিনি। এর মাধ্যমে অতিরিক্ত খাবারের কারণেই এমনটা হয়েছে এমন ইঙ্গিত দেন অভিনেত্রী। সব মিলিয়ে নতুন সিনেমার প্রচারণার মাঝেই পাপারাজ্জিদের সঙ্গে কারিনার এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।











