লোগো বদলের আগে ‘বিটিভির চরিত্র’ বদলানোর পরামর্শ

UPDATE

তাদের বক্তব্য, দীর্ঘদিনের ঐতিহ্য বহন করা একটি প্রতীক পরিবর্তনের আগে বিটিভির অনুষ্ঠান, ব্যবস্থাপনা ও সম্প্রচারের মান উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

১৯৮০ সালে বিটিভি রঙিন সম্প্রচারে প্রবেশের সময় বর্তমান লোগোটি নতুন রূপ পায়। শিল্পী মুস্তাফা মনোয়ারের হাতে সেই সময় লোগোটির পুনর্নকশা করা হয়। এর সঙ্গে শিল্পী কামরুল হাসান, মুস্তাফা মনোয়ার ও ইমদাদ হোসেনের শিল্পভাবনার সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছেন বিটিভির সাবেক উপমহাপরিচালক ও টেলিভিশন ব্যক্তিত্ব খ ম হারূন।

লোগো পরিবর্তনের উদ্যোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়ে খ ম হারূন বলেন, বিটিভির স্বর্ণালী সময়ের সঙ্গে লোগোটির একটি আবেগের সম্পর্ক রয়েছে। লোগোকে আরও আকর্ষণীয় করা যেতে পারে, তবে ঐতিহাসিক মূল নকশা ধরে রেখেই তা করা উচিত বলে মনে করেন তিনি।

তবে শুধু লোগো নয়, বিটিভির সামগ্রিক কার্যক্রমে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। তার প্রস্তাবের মধ্যে রয়েছে অনুষ্ঠানে বৈচিত্র্য আনা, মেধাবী নির্মাতা ও শিল্পীদের নিয়ে নতুন কনটেন্ট তৈরি, অডিশন প্রক্রিয়ায় পরিবর্তন এবং নিয়মিত অনুষ্ঠান পরিকল্পনা প্রকাশ।

এ ছাড়া বিটিভির শূন্য পদ পূরণ, দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা, কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ, শিল্পীদের সম্মানী কাঠামো আধুনিক করা এবং প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন খ ম হারূন।

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে বিটিভি এনালগ থেকে ডিজিটাল সম্প্রচারে গেলেও সম্প্রচারকর্মীদের প্রয়োজনীয় দক্ষতায় প্রস্তুত করা যায়নি বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, দ্রুত পরিবর্তনশীল সম্প্রচার প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের প্রশিক্ষিত করা জরুরি।

খ ম হারূনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। তার মতে, বিটিভির মতো জাতীয় প্রতিষ্ঠানে বড় কোনো পরিবর্তনের আগে বিশেষজ্ঞদের নিয়ে একটি বিজ্ঞ কমিটি গঠন করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে মানসম্মত অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের স্বচ্ছতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নাট্যকার শাকুর মজিদও লোগো পরিবর্তনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার বক্তব্যের মূল সুর—লোগো বদলানোর চেয়ে বিটিভির কার্যক্রম ও দর্শকের সঙ্গে সম্পর্ক বদলানো বেশি জরুরি। আগে বিটিভিকে দর্শকবান্ধব করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অভিনেত্রী আলিফ আলাউদ্দিনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘বিটিভির লোগো কেন বদলাতে হবে?’ তার পোস্ট ঘিরেও অনেক দর্শক নিজেদের আপত্তি ও মতামত জানিয়েছেন।

বিটিভির বর্তমান লোগো তাই শুধু একটি প্রতিষ্ঠানের পরিচয়চিহ্ন নয়, বহু দর্শকের কাছে এটি দীর্ঘদিনের টেলিভিশন-স্মৃতির অংশ। ফলে লোগো পরিবর্তনের উদ্যোগ সামনে আসতেই এর ঐতিহ্য ও ব্যবহারিক প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এখন প্রশ্ন উঠছে বিটিভির পরিচিত প্রতীকটি বদলানো হবে, নাকি পুরোনো ঐতিহ্য ধরে রেখেই প্রতিষ্ঠানটির অনুষ্ঠান ও কার্যক্রমে আধুনিকায়ন আনা হবে। এ সিদ্ধান্তের দিকে নজর থাকছে দর্শক ও সংস্কৃতি অঙ্গনের সংশ্লিষ্টদের।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *