শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও ভবনটির সংস্কারের দাবি জানানো হয়।

সংগঠনটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি মুঘল স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। সম্প্রতি সেখানে শুটিংয়ের জন্য অস্থায়ী বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়। শুটিং শেষে সেসব স্থাপনা খুলে নেওয়ার সময় ঐতিহাসিক ভবনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, ক্ষতির কারণে ভবনটির ঐতিহাসিক স্থাপত্য ও কাঠামো হুমকির মুখে পড়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সময়ের সঙ্গে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বড় সরদার বাড়ির মতো ঐতিহাসিক স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের অনুমতি দেওয়ার আগে স্থাপনাটির নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে ঐতিহাসিক নকশা ও কাঠামো অক্ষুণ্ন রেখে সংস্কারের দাবি জানান তারা।

একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত করে দায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ ও ঐতিহাসিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর সংরক্ষণনীতি কার্যকর করারও দাবি জানান বক্তারা।
এদিকে সংবাদ সম্মেলনে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চারু ও কারুশিল্পীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও করা হয়। তাঁদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ অন্যরা।












