দীর্ঘদিন ধরেই গান লেখা ও সুর করার কাজ করছেন জেফার। নিজের সংগীতচর্চায় বরাবরই নতুন কিছু করার চেষ্টা করেন বলে জানিয়েছেন তিনি। সেই পরীক্ষাধর্মী ভাবনারই প্রতিফলন থাকছে তাঁর নতুন অ্যালবামে।
তবে অ্যালবামটির নাম, মোট কয়টি গান থাকবে কিংবা কী ধরনের সংগীত নিয়ে এটি সাজানো হচ্ছে এসব বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি জেফার। জানিয়েছেন, খুব শিগগিরই অ্যালবাম নিয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।

সাম্প্রতিক সময়ে একক গান প্রকাশের তুলনায় প্লেব্যাকে বেশি ব্যস্ত দেখা গেছে জেফারকে। পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ এবং ‘তুমি আমি শুধু’র মতো ওয়েব সিনেমা ও সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন এই শিল্পী।
অভিনয়ের পাশাপাশি এসব কাজের গানেও পাওয়া গেছে জেফারের কণ্ঠ। ‘সুন্দরী কমলা’, ‘বৈয়াম পাখি ২.০’ এবং ‘তোর ছায়া’র মতো গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। মেলো-রোমান্টিক, পপ-রক, টেকনো ও ফোক ফিউশন বিভিন্ন ঘরানায় কাজ করে নিজের আলাদা সংগীতভাষা তৈরি করেছেন তিনি।
এর আগে ‘ঝুমকা’, ‘তীর’, ‘আড়ালে হারালে’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’, ‘ধামাকা’ ও ‘হারবো না’র মতো গানেও শ্রোতাদের প্রশংসা পেয়েছেন জেফার। সংগীতের পাশাপাশি অভিনয়েও সাফল্য পাওয়ায় তাঁর প্রতি দর্শক-শ্রোতার প্রত্যাশা এখন আরও বেশি।
নতুন অ্যালবামের মাধ্যমে সেই প্রত্যাশার কতটা পূরণ করতে পারেন জেফার, সেটিই এখন দেখার অপেক্ষা। অ্যালবামটি তাঁর শিল্পীজীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন অনুরাগীরা।












