এবি কিংয়ের প্রথম মঞ্চেই মিলল দেড় কোটি টাকা

EventsMusic World

এই অর্থ ব্যান্ডটির আয় বা পারিশ্রমিক নয়। অনুষ্ঠানটি মূলত সোনার বাংলা ফাউন্ডেশনের একটি ফান্ড রাইজিং আয়োজন। এতে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সংগ্রহ করা দেড় কোটি টাকা ফাউন্ডেশনটির বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবা প্রকল্পে ব্যয় করা হবে।

সোনার বাংলা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা। ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং খাতে কাজ করছে। বিশেষ করে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ এবং ল্যাবরেটরি সেবার মতো কার্যক্রম পরিচালনা করছে তারা।

দীর্ঘমেয়াদে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, মেডিকেল স্কুল ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যও রয়েছে ফাউন্ডেশনটির। প্রতিষ্ঠানটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন এস আই টুটুল। ফলে তাঁর নতুন ব্যান্ডের আত্মপ্রকাশের আয়োজনটি একই সঙ্গে পরিণত হয় একটি বড় ফান্ড রাইজিং অনুষ্ঠানে।

‘এবি কিং’ নিয়ে এস আই টুটুলের ভাবনাটিও বেশ আলাদা। তিনি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এমন একটি সংগীত প্ল্যাটফর্ম তৈরি করতে চান, যা ভবিষ্যতে তাঁর অনুপস্থিতিতেও অন্যরা এগিয়ে নিতে পারবেন। তাঁর কাছে ‘এবি কিং’ শুধু একটি ব্যান্ড নয়, বরং নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের জন্য দীর্ঘস্থায়ী একটি প্ল্যাটফর্ম।

তবে ‘এবি কিং’কে এলআরবির সঙ্গে তুলনা না করার কথাও স্পষ্ট করেছেন এস আই টুটুল। তাঁর ভাষায়, এটি এলআরবির কোনো বিকল্প নয়; বরং সম্পূর্ণ আলাদা একটি সত্তা। এই ব্যান্ডের পরিবেশনায় আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তি শিল্পীদের গান যেমন থাকবে, তেমনি থাকবে ব্যান্ডের নিজেদের মৌলিক গানও।

আত্মপ্রকাশের প্রথম মঞ্চেই সেই পরিকল্পনার আভাস মিলেছে। ‘এবি কিং’ পরিবেশন করেছে এলআরবির বেশ কিছু গান, ফেরদৌস ওয়াহিদের ‘এমন একটা মা দে না’ এবং এস আই টুটুলের জনপ্রিয় গান। পাশাপাশি ব্যান্ডের সদস্য ইফতির কণ্ঠে ছিল একটি ইংরেজি কাভার গান।

অনুষ্ঠানে ছিল আরও একটি বিশেষ মুহূর্ত। রক আইকন আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া লিটনকে মঞ্চে আমন্ত্রণ জানান এস আই টুটুল। নতুন ব্যান্ডটির পথচলার জন্য শুভকামনা জানান তিনি।

সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকেও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার প্রশংসা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তি মাহমুদ হোসেন জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নিয়মিত ফান্ড রাইজিং আয়োজন করা হয়। এসব উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁদের উৎসাহিত করছে।

বর্তমানে ‘এবি কিং’-এর লাইনআপে রয়েছেন এস আই টুটুল (ভোকাল ও কি-বোর্ড), ইফতি (গিটার), আকাশ (বেজ) ও নাফিস (ড্রামস)। ব্যান্ড ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী। ডিজিটাল কনসালটেন্সির দায়িত্বে রয়েছে কোলাহল কমিউনিকেশন।

আত্মপ্রকাশের পর আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত পারফর্ম করার পরিকল্পনাও রয়েছে ব্যান্ডটির। চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘এবি কিং’-এর পারফর্ম করার কথা রয়েছে। প্রথম মঞ্চেই দেড় কোটি টাকার অনুদান সংগ্রহের মধ্য দিয়ে তাই সংগীতের পাশাপাশি সামাজিক উদ্যোগের সঙ্গেও নিজেদের পথচলা শুরু করল এস আই টুটুলের নতুন এই ব্যান্ড।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *