অস্কারে ছবি জমার সময় শেষের পথে, জমা পড়েনি কোন সিনেমা

EventsFilmsInternational

অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে সিনেমা পাঠানোর জন্য গত ২০ আগস্ট চলচ্চিত্র আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। আবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর। ফলে হাতে সময় রয়েছে আর মাত্র কয়েক দিন।

অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, এখনো কোনো সিনেমার আনুষ্ঠানিক আবেদন তাঁদের হাতে পৌঁছায়নি। তবে বেশ কয়েকটি সিনেমার টিম যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে।

তিনি জানান, আফরান নিশো অভিনীত একটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অস্কারের জন্য ছবি জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সিনেমাটি রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। এ ছাড়া ‘দেলুপি’ সিনেমার টিমও অস্কারের প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী বলে জানা গেছে।

এর আগে আরও তিনটি সিনেমার পরিচালক ও প্রযোজক অস্কারে ছবি পাঠানোর বিষয়ে কমিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁরা আর যোগাযোগ করেননি। ফলে শেষ পর্যন্ত কোন কোন সিনেমা আনুষ্ঠানিকভাবে জমা পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

অস্কারের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য পাঠানো সিনেমাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সিনেমাটি দেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার শর্ত রয়েছে। পাশাপাশি সাধারণ দর্শকের জন্য অন্তত টানা সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে।

এ ছাড়া সিনেমাটি মুক্তির আগে টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা অন্য কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটে প্রচারিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বিবেচিত হতে পারে। আবেদনকারী সিনেমার সৃজনশীল নিয়ন্ত্রণও বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকার শর্ত রয়েছে।

আবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা। এরপর জমা পড়া সিনেমাগুলো পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটির জুরিবোর্ড। আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার সোনারগাঁও হোটেলে জানানো হবে নির্বাচিত সিনেমার নাম।

তবে অস্কারে সিনেমা পাঠানোর ক্ষেত্রে শেষ মুহূর্তের অপেক্ষা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। আব্দুল্লাহ আল মারুফের ভাষ্য, প্রতিবছরই শেষ দিনে সিনেমা জমা দেওয়ার প্রবণতা দেখা যায়।

গত বছর বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হয়েছিল ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি। এবার শেষ পর্যন্ত কোন সিনেমা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *