ক্যামেরার সামনে আমি অনেক আনন্দ পাই

২৫ জুলাই গাজীপুরের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ‘সোজন বাদিয়ার ঘাট’ মঞ্চস্থ হয় । মায়ের ক্যানসারের জন্য অর্থ তুলতে এই নাটকে অভিনয় করেন সংস্কৃতিকর্মী ক্যামেলিয়া শারমিন। আর উদ্যোগটি নেয় ‘টুগেদার উই ক্যান’। সংগঠনটির প্রতিষ্ঠাতা কাজী নওশাবা আহমেদ। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ২০১৮ সাল থেকেই নানা আয়োজন করছে টুগেদার উই ক্যান, জানান নওশাবা। সেই ধারাবাহিকতায় ক্যানসার সচেতনতা বৃদ্ধি এবং সহকর্মীর মায়ের চিকিৎসার জরুরি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গান ও নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত নেন তাঁরা। নওশাবা বলেন, ‘এটা আমাদের জন্য একদমই নতুন অভিজ্ঞতা। ক্যামেলিয়া শারমিন আমাদের একজন নিয়মিত সহযোদ্ধা, মঞ্চকর্মী। তাঁর মায়ের ক্যানসারের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ফান্ড রেইজ করতে আমরা সবাই এক হয়েছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সবাই একে অন্যের দোষ ধরতেই ব্যস্ত। সেখানে মঞ্চই আমাকে শিখিয়েছে অন্যের পাশে দাঁড়াতে। থিয়েটার এটাই শেখায়, বিপদে কাউকে একা ছেড়ো না। সহকর্মীকে একাকিত্ব অনুভব করতে না দিতেই আমরা হাতে হাত মিলিয়েছি।’

‘আমি চাতক পাখির মতো…

নিয়মিত মঞ্চনাটকও নির্দেশনা দিচ্ছেন নওশাবা। এখন পর্যন্ত ‘ত্রিবেনী’, ‘মুক্তি আলোয় আলোয়’সহ পাঁচটি নাটকে নির্দেশনা দিয়েছেন। নওশাবা বলেন, ‘আগের মতো ক্যামেরার সামনে ডাক পাচ্ছি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন শুটিং ফ্লোর—এগুলোকে খুব মিস করি। ক্যামেরার সামনে অনেক আনন্দ পাই। না ডাকায় কোনো আফসোস হয় না। তবে কাজ করতে না পারায় কষ্ট রয়েছে। আমি আসলে নাটক–সিনেমায় কাজ করার জন্য চাতক পাখির মতো বসে থাকি। তবে এখন মঞ্চে বেশি ডাক পাই। যে কারণে মঞ্চ নিয়ে আলাদা পরিকল্পনা করছি। আর এখন নির্মাতা হিসেবেও কাজ করে চলছি। আরও ভালো সময় বা সুসময়ের অপেক্ষায় আছি।’

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *