হাম টিভিতে প্রচারিত নাটকটি গত আগস্টে ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এরপরও এর দর্শকসংখ্যা থেমে থাকেনি। বর্তমানে নাটকটির মোট ভিউ ১ দশমিক ৩ বিলিয়নেরও বেশি।

চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে ‘জানজিরিন’-এর যাত্রা শুরু হয়। চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াক। পরিচালনায় রয়েছেন শাহজাদ কাশমিরি। উপজাতীয় পটভূমিতে নির্মিত নাটকটির গল্পে রয়েছে সম্পর্ক, সংঘাত, রহস্য ও নানা আবেগের মিশেল। প্রথম পর্ব থেকেই দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয় নাটকটি। একের পর এক পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমেও বাড়তে থাকে আলোচনা। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও নাটকটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটির সাফল্যের অন্যতম কারণ এর তারকা অভিনয়শিল্পীরা। ‘রাবিয়া’ চরিত্রে সাজাল আলীর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। তাঁর বিপরীতে ‘সার বুলন্দ খান’ চরিত্রে দানিয়াল জাফরের অভিনয় ও দুজনের পর্দার রসায়নও আলোচনায় এসেছে।
এ ছাড়া ‘শেরদিল’ চরিত্রে আহসান খান, পাশাপাশি আমির গিলানি, সাহার হাশমি, আদনান সিদ্দিকী, সামিয়া মমতাজ, উসমান জাভেদ ও মোমাল শেখের অভিনয় নাটকের গল্পকে আরও শক্তিশালী করেছে।

‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো পাকিস্তানি নাটক ইউটিউবে বিপুল দর্শক পাওয়ার পর ‘জানজিরিন’-এর এই সাফল্যও দেশটির টেলিভিশন নাটকের আন্তর্জাতিক জনপ্রিয়তার আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।












