তবে গত মার্চের পর আর নতুন কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কয়েক মাসের বিরতির পর এবার আবারও পর্দায় ফিরছেন অপূর্ব-নীহা।

এসআর মজুমদারের পরিচালনায় নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। আগস্টের শেষ দিক থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। কক্সবাজারে নাটকের কিছু অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এবার ঢাকায় হবে বাকি শুটিং। সব মিলিয়ে প্রায় ১২ দিন ধরে চলবে কাজ।
নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। গল্পে অপূর্ব ও নীহাকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। সম্পর্ক, সময়, ভুল–বোঝাবুঝি ও মান–অভিমানকে ঘিরে এগিয়েছে গল্প। তবে সময়ের সঙ্গে একটি পুরোনো ভুলই গল্পে তৈরি করবে রহস্যের আবহ। পরিচালক এসআর মজুমদার জানান, অপূর্বের সঙ্গে এটি তাঁর ২৪তম কাজ হলেও নীহার সঙ্গে প্রথমবার কাজ করছেন তিনি। তাঁর মতে, অপূর্ব শুধু দক্ষ অভিনেতাই নন, কাজের ক্ষেত্রেও যথেষ্ট সহযোগিতাপ্রবণ।

নীহাকে নিয়েও আশাবাদী পরিচালক। তাঁর ভাষায়, নতুন কিছু করার আগ্রহ অভিনেত্রীর মধ্যে রয়েছে। তাই অপূর্ব-নীহার জুটিকে এবার ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। নাটকটির প্রি–প্রোডাকশনেও যথেষ্ট সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, জীবনে কিছু ভুলের পর আর আগের জায়গায় ফিরে যাওয়া সম্ভব হয় না। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এই সম্পর্কের গল্প। শুরুতে পারিবারিক ভুল-বোঝাবুঝি ও মান-অভিমান থাকলেও পরে সেই ঘটনাই অন্য রকম রহস্যের জন্ম দেবে।

প্রায় দুই ঘণ্টার নাটকটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এদিকে শুধু এই নাটকেই নয়, বিরতি শেষে অপূর্ব-নীহাকে আরও দুটি নতুন নাটকে একসঙ্গে দেখা যাবে। ফলে জনপ্রিয় এই জুটির ভক্তদের জন্য সামনে আসছে একাধিক নতুন কাজ।












