সেই আব্বাস ফিরছে, আসছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’

DramaUPDATE

‘বোহেমিয়ান ঘোড়া ২’ নামের সিক্যুয়েলটি যৌথভাবে পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী ও তাঁর স্ত্রী মুশফিকা মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই।

 

প্রথম কিস্তিতে ট্রাকচালক আব্বাসের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান মোশাররফ করিম। গল্পে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক চালিয়ে ঘুরে বেড়ানোর সময় একের পর এক বিয়ে করেন আব্বাস। গোপনে করা সেই আট বিয়ে থেকেই তৈরি হয় আটটি সংসার। এরপর একে একে সেই সংসারগুলোর নানা জটিলতা, হাস্যরস ও বিপদে জড়িয়ে পড়ে আব্বাসের জীবন।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির পর ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। মোশাররফ করিমের অভিনয়ের পাশাপাশি গল্পের ভিন্নধর্মী নির্মাণশৈলীও প্রশংসা কুড়ায়। এবার সেই জনপ্রিয় চরিত্র ও গল্পকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

 

সিক্যুয়েলের গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না অমিতাভ রেজা। তবে আগের কিস্তির বেশ কয়েকজন অভিনয়শিল্পী দ্বিতীয় পর্বেও থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি নতুন কয়েকজন শিল্পীকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কাজ চলছে।

নির্মাণ পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং শুরু হতে পারে। তবে মুক্তির তারিখ কিংবা দ্বিতীয় কিস্তিতে আব্বাসের জীবনে কী নতুন মোড় আসছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এবার অমিতাভ রেজার সঙ্গে সহপরিচালক হিসেবে যুক্ত হচ্ছেন মুশফিকা মাসুদ। বিজ্ঞাপনচিত্র নির্মাণে আগে একসঙ্গে কাজ করলেও সিরিজ পরিচালনায় এই প্রথম তারা জুটি হিসেবে কাজ করছেন।

যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিতাভ রেজা জানিয়েছেন, দুজনের আলাদা চিন্তা ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হওয়াই তাঁদের বড় শক্তি। মুশফিকার ভিন্ন দৃষ্টিভঙ্গি তাঁর কাজে নতুন মাত্রা যোগ করে বলেও মনে করেন তিনি।

‘বোহেমিয়ান ঘোড়া’র প্রথম কিস্তিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন রোবায়না রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। দ্বিতীয় কিস্তিতে তাঁদের মধ্যে কারা ফিরছেন, আর নতুন কারা যুক্ত হচ্ছেন এখন সেটিই দেখার অপেক্ষা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *