‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর বলিউডে যেন আরও এক ধাপ এগিয়ে গেল শ্রদ্ধা কাপুরের তারকামূল্য। এবার নিজের পরবর্তী সিনেমা ‘ইথা’কে ঘিরে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সিনেমাটির জন্য তার পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।

শ্রদ্ধা এর আগে ‘স্ত্রী ২’ ও ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর মতো সিনেমার জন্য আনুমানিক ৫ থেকে ৭ কোটি রুপি পারিশ্রমিক নিতেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। সেই হিসাবে ‘ইথা’র জন্য ১৫ কোটি রুপির পারিশ্রমিক সত্যি হলে, তা তার আগের ফি’র তুলনায় প্রায় তিনগুণ। তবে শ্রদ্ধা কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনো এই অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শুধু পারিশ্রমিক নয়, ‘ইথা’ শ্রদ্ধার ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ একটি ছবি। লক্ষ্মণ উটেকর পরিচালিত সিনেমাটি মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত। ছবিতে পরিচিত গ্ল্যামারাস অবয়বের বাইরে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছেন শ্রদ্ধা। প্রকাশিত টিজারে তার লুক ও চরিত্রাভিনয় ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি করেছে।

ছবিটি নিয়ে অবশ্য বিতর্কও তৈরি হয়েছে। বিঠাবাঈয়ের পরিবারের কয়েকজন সদস্য এবং মহারাষ্ট্রের এনসিপির একটি সাংস্কৃতিক শাখা ‘ইথা’ নামটি পরিবর্তন করে শিল্পীর নাম ব্যবহারের দাবি তুলেছিল। তবে পরে পরিবারের পক্ষ থেকে ছবির নাম নিয়ে ভিন্ন মতও সামনে আসে।

সব মিলিয়ে ‘ইথা’ এখন শ্রদ্ধার ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২৮ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।












