টমি হিলফিগারের নতুন ডেনিম ক্যাম্পেইনে বেকহ্যামপুত্র রোমিও

FashionInternationalLIFESTYLE

মডেল হিসেবে এরই মধ্যে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন রোমিও। এবার টমি হিলফিগারের নতুন প্রচারণায় তাঁর সঙ্গে দেখা গেছে ডাচ সুপারমডেল ইয়াসমিন উইজনালডামকে। নিউইয়র্কের ঐতিহ্যবাহী দ্য মার্ক হোটেলে হয়েছে ক্যাম্পেইনের ফটোশুট।

নতুন এই প্রচারণায় ডেনিমকে কেবল পোশাক হিসেবে নয়, বরং ব্যক্তিত্ব ও নিজস্ব স্টাইল প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে। তরুণ প্রজন্ম কীভাবে চিরায়ত ডেনিমকে নিজেদের মতো করে নতুনভাবে উপস্থাপন করছে, সেটিই ক্যাম্পেইনের অন্যতম মূল ভাবনা।

‘অলওয়েজ ডেনিম’ সংগ্রহে নারী ও পুরুষের জন্য রাখা হয়েছে দুটি করে নতুন ফিট। পুরুষদের জন্য রয়েছে নব্বইয়ের দশকের অনুপ্রেরণায় তৈরি ঢিলেঢালা ‘থিও’ এবং স্ট্রেইট-লেগ ‘ডোভার’। নারীদের সংগ্রহে রয়েছে হাই-ওয়েস্ট ‘সারাহ’ ও লো-রাইজ ‘ডেইজি’।

টমি হিলফিগারের মতে, ডেনিম তাঁর কাছে বরাবরই আত্মপ্রকাশের শক্তিশালী একটি মাধ্যম। কৈশোরে নিউইয়র্কে গিয়ে জিনস কেনা, নিজের পছন্দমতো তা পরিবর্তন করা এবং গাড়ির ট্রাঙ্ক থেকে সেগুলো বিক্রি করার স্মৃতিও রয়েছে তাঁর। সময়ের সঙ্গে ডেনিমের কাট ও ধরন বদলালেও এর জনপ্রিয়তা কমেনি বলে মনে করেন তিনি।

এই ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রজন্ম কীভাবে ডেনিমের মতো একটি চিরায়ত পোশাককে নিজেদের ব্যক্তিত্ব ও রুচি অনুযায়ী নতুন অর্থ দিচ্ছে, সেটিই তুলে ধরতে চেয়েছে ব্র্যান্ডটি।

রোমিও বেকহ্যামের কাছেও ডেনিমের সবচেয়ে বড় আকর্ষণ এর বহুমুখিতা। তাঁর ভাষায়, ডেনিম পরার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। লেদার জ্যাকেট কিংবা সাধারণ সাদা টি-শার্ট—দুই ধরনের পোশাকের সঙ্গেই ডেনিম মানিয়ে যায়। রক, প্রেপি কিংবা ভিনটেজ—বিভিন্ন ফ্যাশনধারা থেকেও ডেনিম পরার অনুপ্রেরণা নেওয়া যায়।

টমি হিলফিগারের সঙ্গে রোমিওর সম্পর্কও নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই ব্র্যান্ডের ডেনিম তাঁর পোশাকের অংশ। তাঁর মতে, ডেনিমের সবচেয়ে বড় শক্তি হলো—প্রত্যেকে নিজের মতো করে এটিকে ধারণ করতে পারে।

 

এদিকে টমি হিলফিগারের মূল প্রতিষ্ঠান পিভিএইচ করপোরেশনও ডেনিমকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পণ্য বিভাগ হিসেবে গুরুত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানের সাম্প্রতিক আর্থিক পরিকল্পনায় কেলভিন ক্লেইনের ডেনিম ও আন্ডারওয়্যার এবং টমি হিলফিগারের সোয়েটার ও আউটারওয়্যারের ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালে বিপণন ব্যয় বাড়ানোর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

শরৎ-শীত ২০২৬ মৌসুমের এই ডেনিম সংগ্রহ পুরো মৌসুমজুড়ে টমি হিলফিগারের নিজস্ব ওয়েবসাইট, নির্বাচিত স্টোর এবং অনুমোদিত খুচরা বিক্রয় অংশীদারদের মাধ্যমে পাওয়া যাবে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *