২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগেই এত বড় অঙ্কের চুক্তি হওয়ায় ছবিটি ঘিরে বলিউডে প্রত্যাশা আরও বেড়েছে।
জানা গেছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনতে একাধিক বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। ধর্মা প্রোডাকশন্স, জিও স্টুডিওস এবং পরিবেশক অনিল থাডানিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত প্রতিযোগিতামূলক দর-কষাকষির পর ৩০০ কোটি রুপিতে স্বত্বটি নিজেদের করে নেয় পেন মারুধর।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ছবিটির প্রদর্শন স্বত্ব নিয়ে ব্যাপক প্রতিযোগিতা ছিল। শেষ পর্যন্ত পেন মারুধরের সঙ্গে হওয়া চুক্তিকে বানসালি ও সিনেমাটির অংশীদারদের জন্য গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
তারকাবহুল সিনেমা ঘিরে প্রত্যাশা
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রথমবারের মতো রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখা যাবে। বানসালির পরিচালনায় নির্মিত এই তারকাবহুল সিনেমা নিয়ে দর্শকের আগ্রহও বেশ তুঙ্গে। রণবীরের সঙ্গে বানসালির এটি আবারও একসঙ্গে কাজ করার সুযোগ। ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন রণবীর। প্রায় দুই দশক পর আবারও এই নির্মাতার সিনেমায় অভিনয় করছেন তিনি।

পেন মারুধর ও সিনেমাটির সংশ্লিষ্টরা ছবিটির বক্স অফিস সম্ভাবনা নিয়েও আশাবাদী। বড় তারকা, জনপ্রিয় নির্মাতা এবং বিশাল বাজেটের এই সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে বলেই তাদের প্রত্যাশা।
দীপাবলিতে আসতে পারে টিজার
সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এবার দর্শকদের জন্য আরও বড় চমক হিসেবে দীপাবলির সময় সিনেমাটির টিজার প্রকাশ করা হতে পারে। জানা গেছে, রামায়ণের প্রেক্ষাগৃহে মুক্তির সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর টিজার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে বড় পর্দায় সিনেমাটি মুক্তির আগে টিজার নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।










