‘মহব্বত’-এর পোস্টারে কালো পোশাকে অস্ত্র হাতে এক পুরুষের পাশে সাদা পোশাকে এক নারীকে দেখা গেছে। পুরুষ চরিত্রটি শাকিব খান হলেও পোস্টারে থাকা নারী অভিনেত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে সিনেমার ঘোষণা আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। এরই মধ্যে আলোচনায় এসেছে পাকিস্তানের চার জনপ্রিয় অভিনেত্রীর নাম। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম বিবেচনায় রয়েছে। তাঁদের মধ্যে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও হয়েছে বলে জানা গেছে।
তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়। কোনো অভিনেত্রীর সঙ্গেই আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। শুধু পাকিস্তান নয়, ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রীর নামও নায়িকা নির্বাচনের তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত ‘মহব্বত’-এর নায়িকা কোন দেশের তারকা হচ্ছেন, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
নায়িকা প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাইছেন না নির্মাতা হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ ও আরশাদ আদনানের এটি তৃতীয় সিনেমা। এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর আসে ‘রাজকুমার’। দুটি সিনেমার পর এবার তাঁদের নতুন আয়োজন ‘মহব্বত’। ফলে সিনেমাটি নিয়ে প্রত্যাশাও কম নয়।
তবে এবার আলোচনার কেন্দ্রে শুধু শাকিবের নতুন চরিত্র নয়, তাঁর বিপরীতে কে আসছেন সেটিও। পাকিস্তানের চার তারকা, ভারতের দুই অভিনেত্রী কিংবা শেষ পর্যন্ত দেশীয় কোনো মুখ, ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে কার নাম ঘোষণা করা হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।












