সম্প্রতি নোবেলের ফেসবুক পেজে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে তৈরি হয়েছে আলোচনা। কোথাও ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন, কোথাও আবার সন্তানকে গান শোনাচ্ছেন তিনি। বিশেষ করে কিংবদন্তি সংগীতশিল্পী জেমসের জনপ্রিয় গান ‘বাবা’ নিজের ছেলেকে গেয়ে শোনানোর ভিডিওটি নজর কেড়েছে অনেকের।
একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে সন্তানকে কোলে নিয়ে গিটারে সুর তুলছেন নোবেল। ভিডিওটি ধারণ করেছেন তাঁর স্ত্রী। অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাববাড়ি থেকে ছেলেকে ‘বাবা’ গানটি শোনাতে দেখা যায় তাঁকে। এসব ভিডিওর পাশাপাশি স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটানো বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন এই গায়ক। কোনো পোস্টে লিখেছেন ‘মাই ফ্যামিলি’, আবার কোথাও ছেলের সঙ্গে সকালের সময় কাটানোর মুহূর্তকে তুলে ধরেছেন ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ক্যাপশনে।
নোবেলের এই পারিবারিক উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে তাঁর ব্যক্তিগত জীবন। গত বছরের জুনে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর ব্যাপক বিতর্কের মুখে পড়েন তিনি। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে মামলার বাদীকে বিয়ে করার ঘটনা সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরবর্তী সময়ে তাঁদের সংসারে আসে এক পুত্রসন্তান। সম্প্রতি একটি মঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে দর্শকদের চমকে দিয়েছিলেন এই সংগীতশিল্পী।
এবার সামাজিক মাধ্যমে স্ত্রী-সন্তানকে ঘিরে তাঁর নিয়মিত উপস্থিতি ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন আগ্রহ। নোবেলের পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তাঁর পারিবারিক জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ তিনজনের সংসার সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন।
এক ভক্তের মন্তব্য, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ এমন মন্তব্যের পাশাপাশি অনেকেই ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন গায়ককে।
তবে সামাজিক মাধ্যমে পারিবারিক মুহূর্ত ভাগ করে নেওয়া মানেই অতীতের সব বিতর্কের অবসান, এমনটা বলার সুযোগ নেই। বরং নোবেলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে ভক্তদের প্রত্যাশা এখন তাঁর ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। একসময় যাঁর কণ্ঠ ও পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করেছিল, সেই নোবেল আবারও সংগীতে নিয়মিত হবেন কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে।













