৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসরে একসঙ্গে হাজির হয়েছিলেন জেনডায়া ও টম হলান্ড। দুজনের উপস্থিতি, পোশাক এবং একে অপরের সঙ্গে খুনসুটি সবকিছুই নজর কেড়েছে। এর মধ্যেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনাই হয়ে ওঠে রাতের অন্যতম চর্চিত বিষয়।
এর আগে ল রোচই দাবি করেছিলেন, চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন জেনডায়া ও হলান্ড। সেই বক্তব্যের পর তাঁদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কথিত বিয়ের ছবি ও ভিডিওও। কিন্তু এবার নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন রোচ। এমির লালগালিচায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে মিথ্যা বলেছিলাম। সে বিবাহিত ছিল না।’ শুধু তা-ই নয়, জেনডায়া ও টম হলান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের নামে যেসব ছবি বা ভিডিও ছড়িয়েছে, সেগুলোও সত্যি নয় বলে জানান রোচ। তবে তাঁদের সম্পর্ক যে গভীর, সেটিও বুঝিয়ে দিয়েছেন জেনডায়ার এই দীর্ঘদিনের স্টাইলিস্ট। তাঁর ভাষায়, টম হলান্ড দীর্ঘদিন ধরেই জেনডায়ার সঙ্গী, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর স্বামী নন।
এদিকে এমির মঞ্চে জেনডায়ার পাশে হাসিমুখে বসে ছিলেন হলান্ড। ‘ইউফোরিয়া’য় রু চরিত্রের জন্য এবারের আসরে ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন পেয়েছিলেন জেনডায়া। একই সময়ে হলান্ডও ছিলেন আলোচনায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য অডিসি’তে জেনডায়ার সহশিল্পী হিসেবে।
রেড কার্পেটেও নজর কেড়েছেন দুজন। জেনডায়ার পরনে ছিল কুতুর গাউন, সঙ্গে মিকিমোটোর সাউথ সি কালচার্ড পার্লের দুল। অন্যদিকে হলান্ডকে দেখা যায় ডিওরের পোশাকে।
সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন যতই পুরোনো হোক, জেনডায়া ও টম হলান্ডের আনুষ্ঠানিক বিয়ের খবর এখনো নিশ্চিত নয়। বরং স্টাইলিস্টের বক্তব্য বদলের পর তাঁদের বিয়ে নিয়ে রহস্য যেন আরও বেড়ে গেল।












