সম্প্রতি প্রবাসীদের নিয়ে তার একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের একটি শ্রেণি তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট ও মিম প্রকাশ করছেন। দেশের অনেক মানুষও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
ঘটনার সূত্রপাত আজমেরি হক বাঁধনকে ঘিরে সাম্প্রতিক এক ঘটনার পর। ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া হামলার ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় একটি টেলিভিশন চ্যানেলে বাঁধনের প্রতি সমর্থন জানিয়ে কথা বলেন আজাদ আবুল কালাম।
সেখানে ভেনিসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন তিনি। একপর্যায়ে ইউরোপে থাকা বাংলাদেশি প্রবাসীদের ‘কামলা খেটে চলে’ এমন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। প্রবাসীদের একটি অংশ মনে করছেন, জীবিকার প্রয়োজনে বিদেশে গিয়ে পরিশ্রম করা মানুষকে এ ধরনের শব্দ ব্যবহার করে হেয় করা হয়েছে।
দেশে থাকা প্রবাসীদের স্বজনদের অনেকেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি শোবিজের কয়েকজন শিল্পী ও কলাকুশলীও মন্তব্যটির সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, কোনো ধরনের পেশা বা শ্রমকে ছোট করে দেখার সুযোগ নেই।
এদিকে আজাদ আবুল কালামের রাজনৈতিক অবস্থান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গত ১৭ বছরে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক প্রচার-প্রচারণায় তার কণ্ঠ ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক বক্তব্য ও অবস্থান নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে। তবে এসবের মধ্যেই প্রবাসীদের নিয়ে করা মন্তব্যটিই এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বা অন্য কোনো প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে প্রবাসীদের মতো একটি বড় জনগোষ্ঠীর শ্রম ও পেশাকে এভাবে উপস্থাপন করা কতটা যুক্তিসংগত।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা অব্যাহত থাকলেও এ বিষয়ে আজাদ আবুল কালামের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া গেছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।












