মুক্তির একদিন আগেই ‘টক্সিক’-এর ঝড়, অগ্রিম বুকিংয়ে আয় ৪১ কোটি!

FilmsUPDATE

সর্বশেষ বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট সকাল পর্যন্ত ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং থেকে নিশ্চিত গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩১ কোটি ৮৯ লাখ রুপি। ব্লক করা আসনের হিসাব যুক্ত করলে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি ৩ লাখ রুপি। এ সময় পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৮ লাখ ৯৫ হাজার টিকিট, আর বুকিং হয়েছে ১৭ হাজার ৬৯২টির বেশি শোর। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুকিং আরও বেড়েছে। এনডিটিভির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘টক্সিক’ ইতোমধ্যে ৯ লাখের বেশি টিকিট বিক্রি করেছে এবং প্রায় ১৭ হাজার ৭৮০টি শোর বিপরীতে অগ্রিম বুকিং পেয়েছে। মোট অগ্রিম আয় ৪১ কোটি ৩৬ লাখ রুপিতে পৌঁছেছে

হিন্দি ও কন্নড় বাজারে হাড্ডাহাড্ডি লড়াই

অগ্রিম বুকিংয়ের সবচেয়ে বড় চমক এসেছে হিন্দি ও কন্নড় বাজার থেকে। সর্বশেষ হিসাব অনুযায়ী, হিন্দি সংস্করণে নিশ্চিত অগ্রিম আয় প্রায় ১৬ কোটি ৪০ লাখ রুপি, আর কন্নড় সংস্করণে প্রায় ১৪ কোটি রুপি। তামিল, মালয়ালম ও তেলুগু সংস্করণ থেকেও এসেছে উল্লেখযোগ্য অগ্রিম বুকিং। কর্ণাটক এখনো সিনেমাটির সবচেয়ে শক্তিশালী বাজার। রাজ্যটিতে অগ্রিম বুকিং থেকে আয় প্রায় ১৭ কোটি ৩১ লাখ রুপি, যা যশের নিজ রাজ্যে ‘টক্সিক’ নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে। হিন্দি বাজারেও ছবিটির চাহিদা নজরকাড়া। ভারতের শীর্ষ তিন মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স ও সিনেপলিসে ২৪ আগস্ট রাত পর্যন্ত প্রায় ১ লাখ ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। ট্রেড বিশ্লেষকদের হিসাবে, মুক্তির দিন পর্যন্ত এই সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছাতে পারে।

‘কেজিএফ ২’-এর রেকর্ডও আলোচনায়

‘টক্সিক’-এর অগ্রিম বুকিং নিয়ে সবচেয়ে বড় তুলনা হচ্ছে যশেরই ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর সঙ্গে। ২০২২ সালের সেই ব্লকবাস্টার মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে প্রায় ৬০ কোটি রুপির কাছাকাছি আয় করেছিল বলে বিভিন্ন ট্রেড রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে ‘টক্সিক’ এখনো সেই জায়গা থেকে দূরে থাকলেও মুক্তির আগের শেষ ২৪ ঘণ্টায় বুকিংয়ের গতি কতটা বাড়ে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, হিন্দি বাজারে ‘টক্সিক’ ইতোমধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় অগ্রিম বুকিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। জাতীয় মাল্টিপ্লেক্স চেইনের হিসাব অনুযায়ী, হিন্দি সংস্করণটি ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ও ‘পুষ্পা ২’-এর পর বড় শুরুর সম্ভাবনা তৈরি করেছে।

দীর্ঘ অপেক্ষার পর ফিরছেন যশ

‘টক্সিক’ যশের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন তিনি। একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর শেষ পর্যন্ত সিনেমাটি ২৬ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির দিন নির্ধারিত হয়। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিকে নির্মাতারা অ্যাকশন ও গ্যাংস্টার ঘরানার গল্প হিসেবে উপস্থাপন করেছেন। কাহিনির পটভূমি স্বাধীনতা-পরবর্তী গোয়া, যেখানে এক গ্যাংস্টারের জীবন, ক্ষমতা, আনুগত্য, নৈতিক দ্বন্দ্ব এবং নিজের অতীত থেকে মুক্তির লড়াইকে কেন্দ্র করে গল্প এগিয়েছে।

সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। ছবিটি কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাচ্ছে। মুক্তির আগে অগ্রিম বুকিংয়ের এই গতি নিঃসন্দেহে ‘টক্সিক’-এর জন্য বড় আশাবাদ তৈরি করেছে। তবে অগ্রিম বুকিং আর চূড়ান্ত বক্স অফিসের হিসাব এক নয়—শেষ পর্যন্ত দর্শকের প্রতিক্রিয়া ও প্রথম দিনের সরাসরি টিকিট বিক্রিই নির্ধারণ করবে সিনেমাটি কতটা বড় উদ্বোধন করতে পারে। এখন সেই অপেক্ষাই; ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে যশের ‘টক্সিক’ সত্যিই কত বড় ঝড় তোলে।

 

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *