আগামী ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন।
উৎসবের শুরু হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘ধরণীর গান’ পরিবেশনার মধ্য দিয়ে। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। এরপর রাত ৮টায় মঞ্চস্থ হবে কবি জসীমউদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি পরিবেশন করবে ক্যামেলিয়া শারমিন চূড়া ও তাঁর দল।

তবে এই আয়োজনের পেছনে রয়েছে আরও মানবিক একটি কারণ। ক্যামেলিয়া শারমিন চূড়ার মা শাহিন সুলতানা রেকটাল ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি রোগটির চতুর্থ পর্যায়ে রয়েছেন এবং তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। মায়ের চিকিৎসার ব্যয় মেটাতেই এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ‘টুগেদার উই ক্যান’-এর সহযোগিতায় গাজীপুর সিটি করপোরেশনে নাটক মঞ্চস্থ করেছিলেন ক্যামেলিয়া। সেখান থেকে ভালো সাড়া পাওয়ার পর এবার ঢাকায় বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই উৎসব।

কাজী নওশাবা জানিয়েছেন, উৎসবের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ ও ১ হাজার টাকা। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ মূল্য মাত্র ৩০০ টাকা। টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে শাহিন সুলতানার চিকিৎসায়।
এক ভিডিও বার্তায় নওশাবা বলেন, ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং একার পক্ষে এই ব্যয় বহন করা কঠিন। ‘টুগেদার উই ক্যান’ বিশ্বাস করে সহমর্মিতা, বন্ধুত্ব ও ঐক্যে। সেই বিশ্বাস থেকেই প্রথমবারের মতো টিকিট বিক্রির মাধ্যমে এমন আয়োজন করা হচ্ছে।
তিনি পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।












