বর্তমানে নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলছেন শুভ। তবে এই একা থাকার জীবন যে চিরস্থায়ী হবে, তা মনে করছেন না তিনি। বরং তাঁর সাম্প্রতিক কথায় স্পষ্ট, ভবিষ্যতে আবারও সম্পর্কে জড়ানো কিংবা বিয়ের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।
সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন শুভ। তাঁর উপলব্ধি, মানুষ আসলে একা থাকার জন্য তৈরি নয়। তবে সেই সঙ্গী যে কেবল বৈবাহিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এমনটাও মনে করেন না তিনি।

তবে বিয়ের প্রসঙ্গ এলে শুভর উত্তর আরও স্পষ্ট। তাঁর মতে, জীবনে সম্পর্ক কিংবা বিয়ে আবারও আসতে পারে। কিন্তু সেটি কখন, কীভাবে আসবে তা তিনি আগেভাগে ঠিক করে রাখতে চান না। বিষয়টি সৃষ্টিকর্তার ওপরই ছেড়ে দিয়েছেন এই অভিনেতা।
এর আগে ২০২৪ সালে অর্পিতা সমাদ্দারের সঙ্গে প্রায় সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন শুভ। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়েছিল। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে বলে জানিয়েছিলেন অভিনেতা।

এরপর ২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর ঘটনা শুভর জীবনে আরও বড় পরিবর্তন আনে। নিজের ভাষায়, মায়ের মৃত্যুর পর এবং জীবনের আরও কিছু ঘটনার কারণে একটা সময় তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। ধীরে ধীরে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে এখন জীবনকে নতুনভাবে দেখছেন তিনি।
এদিকে কিছুদিন আগেই শুভর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। জুলাইয়ে অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। দুজনের পোস্টের ক্যাপশনে ছিল ‘হ্যাপিলি ম্যারিড’ ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাঁদের বিয়ের গুঞ্জন। পরে জানা যায়, বাস্তবে তাঁদের বিয়ে হয়নি। এটি ছিল জাহিদ প্রীতম পরিচালিত চরকির অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণা।

তবে পর্দার সেই ‘হ্যাপিলি ম্যারিড’ এবার যেন শুভর বাস্তব জীবন নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। সত্যিই কি আবারও সম্পর্কে জড়াবেন তিনি? নাকি আপাতত একাই নিজের মতো করে সময় কাটাবেন?
এ মুহূর্তে অবশ্য কাজ নিয়েই ব্যস্ত শুভ। ‘মালিক’ সিনেমার পর ভারতীয় ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তেও অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। কাজের প্রয়োজনে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে নিয়মিত।

জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে এবার আর কোনো ছক কষতে চান না শুভ। তাঁর ভাষায়, জীবনের স্রোত যেদিকে নিয়ে যাবে, সেদিকেই ভেসে থাকতে চান তিনি। নতুন সম্পর্ক বা বিয়ে যদি সেই স্রোতেই আসে, সেটিকেও স্বাগত জানাবেন।
আর সেই সম্ভাবনা নিয়ে তাঁর উত্তরও বেশ রহস্যময় ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’












