নতুন প্রকাশিত দৃশ্য ও ছবিতে এলসা, আনা, ক্রিস্টফ, ওলাফ ও সভেনকে দেখা গেছে আগের তুলনায় আরও জমকালো ও পরিণত সাজে। বিশেষ করে আনা ও ক্রিস্টফের রাজকীয় পোশাক প্রথম দেখাতেই ভক্তদের দৃষ্টি কেড়েছে। কারণ এবার শুধু জল্পনা নয়, ডি২৩ মঞ্চে আনার কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল নিশ্চিত করেছেন ‘ফ্রোজেন ৩’-এ আনা ও ক্রিস্টফের বিয়ে হতে যাচ্ছে।

তবে এই আনন্দের মুহূর্ত খুব বেশি সময় স্থায়ী হবে না বলেই ইঙ্গিত মিলেছে প্রথম ফুটেজে। বিয়ের আয়োজনের পাশাপাশি গল্পে হাজির হতে যাচ্ছে এক রহস্যময় নতুন চরিত্র। তাকে সম্ভাব্য নতুন খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এলসা ও আনার সামনে এবার এমন এক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে, যা আগের দুই কিস্তির চেয়ে গল্পকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে।
এলসার গল্পেও থাকছে নতুন রহস্য। প্রকাশিত ফুটেজের বর্ণনা অনুযায়ী, একটি রহস্যময় বরফের টুকরো ও অদ্ভুত এক জাদুকরী ঘটনার সূত্র ধরে নতুন অভিযাত্রায় যেতে দেখা যাবে তাকে। এই অংশ থেকেই নতুন চরিত্রটির সঙ্গে এলসার যোগসূত্র নিয়ে ভক্তদের মধ্যে নানা তত্ত্ব ছড়িয়ে পড়েছে। তবে ডিজনি এখনো চরিত্রটির পরিচয় বা তার সঙ্গে এলসার সম্পর্ক স্পষ্ট করেনি।

শুধু গল্পেই নয়, নতুন সিনেমায় গানেও থাকছে চমক। ডি২৩ অনুষ্ঠানে ফ্রোজেনের মূল কণ্ঠশিল্পীরা নতুন কিছু গান পরিবেশন করেছেন। এমনকি ওলাফের জন্য ‘ওওহ, সামান্থা’ নামে একটি মজার প্রেমের গানও সামনে এসেছে। অর্থাৎ এবার শুধু আনা-ক্রিস্টফের সম্পর্ক নয়, ওলাফের জীবনেও নতুন রোমান্টিক অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
‘ফ্রোজেন ৩’ মুক্তি পাবে ২০২৭ সালের ২৪ নভেম্বর। অর্থাৎ থ্যাঙ্কসগিভিং উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে হাজির হবে সিনেমাটি।
২০১৩ সালে প্রথম ‘ফ্রোজেন’ মুক্তির পর থেকেই এলসা ও আনার গল্প বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। সিনেমাটির ‘লেট ইট গো’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১৪ সালে সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নেয়। এরপর ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ফ্রোজেন ২’ও বক্স অফিসে বড় সাফল্য পায়।
এবার তৃতীয় কিস্তিতে পুরোনো চরিত্রগুলোর জীবনে যেমন নতুন অধ্যায় যুক্ত হচ্ছে, তেমনি গল্পের জগতেও আসছে নতুন রহস্য। আনা-ক্রিস্টফের বিয়ে, এলসার নতুন অভিযান, ওলাফের প্রেম এবং রহস্যময় নতুন প্রতিপক্ষ সব মিলিয়ে ‘ফ্রোজেন ৩’ যে আগের দুই সিনেমার চেয়ে আরও বড় আয়োজন হতে যাচ্ছে, ডি২৩-এর প্রথম ঝলকেই তার ইঙ্গিত মিলেছে।

এরই মধ্যে ‘ফ্রোজেন ৪’ নিয়েও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ডিজনির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, তৃতীয় ও চতুর্থ কিস্তির কাজ পরপর এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন দুই সিনেমার সংগীতেও ফিরছেন অস্কারজয়ী সংগীতজুটি ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ।
তাই ‘ফ্রোজেন ৩’ এখন শুধু আরেকটি সিক্যুয়েল নয়; বরং এলসা-আনার পরিচিত জগতকে আরও বড় গল্পের দিকে নিয়ে যাওয়ার নতুন অধ্যায়। আর আনা ও ক্রিস্টফের বহুল প্রতীক্ষিত বিয়ে সেই অধ্যায়ের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে।












