নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। ‘তুফান’-এর পর রাফীর নতুন কাজ হিসেবে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল অনেক আগেই। তবে এবার সিনেমাটির চরিত্রগুলোর লুক ধীরে ধীরে প্রকাশ্যে আসায় সেই আগ্রহ আরও বাড়ছে।

সম্প্রতি প্রকাশিত একটি ফ্রেমে দেখা গেছে সিয়াম আহমেদকে সম্পূর্ণ ভিন্ন অবতারে। স্যুট পরা অভিনেতার মুখজুড়ে ঘন দাড়ি-গোঁফ। সবচেয়ে রহস্যময় বিষয়, তার দুই পাশে থাকা দুই অস্ত্রধারী ব্যক্তির পিস্তল তাক করা তার মাথার দিকে। ছবিটির আবহে আতঙ্ক, বিপদ ও রহস্য তিনটিরই ইঙ্গিত রয়েছে। ফলে সিয়ামের চরিত্রটি আসলে কী পরিস্থিতির মধ্যে পড়েছে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে।
এই সিনেমায় সিয়াম অভিনয় করছেন ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে। চরিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি প্রচলিত ঢালিউডের নায়কসুলভ চরিত্রের চেয়ে অনেকটাই আলাদা। নির্মাতার বক্তব্য অনুযায়ী, দেলোয়ার এমন এক চরিত্র, যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে। তার মধ্যে রয়েছে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো ধ্রুপদি নায়কের ছায়া তবে চরিত্রটি সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্যে নির্মিত।
রায়হান রাফীর জন্যও ‘দেলোয়ার’ চরিত্রটি বিশেষ। সিয়ামের অভিনয়ের গভীরতা ও চরিত্রের সঙ্গে তার মানিয়ে যাওয়ার ক্ষমতায় মুগ্ধ নির্মাতা। এমনকি এই চরিত্রের জন্য সিয়াম ছাড়া অন্য কাউকে এখন ভাবতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। ফলে সিনেমাটিতে সিয়ামের উপস্থিতি শুধু নায়ক হিসেবে নয়, গল্পের রহস্য উন্মোচনের অন্যতম প্রধান চাবিকাঠি হিসেবেও কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘আন্ধার’-এর বিশেষত্ব অবশ্য শুধু সিয়ামের চরিত্রে সীমাবদ্ধ নয়। সিনেমাটির গল্প এসেছে ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর কাছ থেকে। চিত্রনাট্যে রয়েছেন আদনান আদিব খান। রাফীর ক্যারিয়ারে এটিও একটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ নিজের লেখা গল্পের বাইরে অন্যের গল্প নিয়ে এবারই প্রথম বড় পরিসরে কাজ করেছেন তিনি।
সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকাও বেশ বড়। সিয়ামের পাশাপাশি রয়েছেন নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও ফাররুখ আহমেদ রেহান। এর মধ্যে সিয়াম ও তুষিকে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে। তুষি সিনেমাটিতে ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন।
‘আন্ধার’ নিয়ে নির্মাতার পরিকল্পনাও শুরু থেকেই ছিল বড় পরিসরের। এটি রায়হান রাফীর প্রথম ভৌতিক ঘরানার কাজগুলোর একটি, যেখানে হরর, রহস্য ও থ্রিলের সঙ্গে চরিত্রনির্ভর গল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৫ সালেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। পরবর্তী সময়ে ডাবিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজও এগিয়েছে।

জুলাইয়ের শেষ দিকে রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্ধার’-এর একটি আবহ তৈরি করা ছবি প্রকাশ করে ইঙ্গিত দিয়েছিলেন, এতদিন আড়ালে থাকা সিনেমাটি এবার ধীরে ধীরে দর্শকদের সামনে আসবে। সেই ঘোষণার পর থেকেই সিনেমাটির প্রচারণায় একের পর এক নতুন ভিজ্যুয়াল যোগ হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সিয়ামের ‘ডিটেকটিভ দেলোয়ার’ লুক যেন ‘আন্ধার’-এর গল্প সম্পর্কে নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। কে বা কারা তার দিকে অস্ত্র তাক করেছে? দেলোয়ার কী রহস্যের অনুসন্ধান করছেন? অশুভ শক্তির সঙ্গে তার লড়াইয়ের ধরনই বা কেমন? এসব প্রশ্নের উত্তর আপাতত গোপনই রাখছে নির্মাতা দল।

তবে একটি বিষয় ইতোমধ্যেই স্পষ্ট চরিত্রের লুকে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি সিয়ামকে এবার এমন এক ভূমিকায় দেখা যাবে, যা তার আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা। আর রায়হান রাফীর ভৌতিক-রহস্যের আবহে সেই চরিত্র কতটা গভীরতা পায়, সেটিই এখন ‘আন্ধার’-এর অন্যতম বড় আকর্ষণ। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে।












