ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কার ঝুলিতে কোন পুরস্কার

EventsFilmsInternational

বাংলাদেশ সময় দিবাগত রাত একটার দিকে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি এবার শুধু সিনেমার জন্য নয়, রাজনৈতিক ও মানবিক বাস্তবতা নিয়ে নির্মিত কয়েকটি ছবির কারণেও ছিল ব্যাপক আলোচনায়।

গোল্ডেন লায়নের জয় ‘ওম্যান আননোন’-এর

এবারের মূল প্রতিযোগিতা বিভাগের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন পেয়েছে ‘ওম্যান আননোন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির কেন্দ্রীয় চরিত্র মারি। ধনী ও বয়সে বড় এক ব্যক্তির বাড়িতে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে একসময় সম্পর্ক ও বিয়ের বন্ধনে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু অতীতের একটি গোপন ঘটনা নতুন জীবনে অস্থিরতা তৈরি করে। যুদ্ধ-পরবর্তী সমাজ, শ্রেণিবিভাজন, নারীর অবস্থান এবং অতীতের বোঝা—এসব বিষয়কে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছেন মে এল-তুখি।

ছবিটির প্রধান অভিনেত্রী ম্যাথিল্ড আরসেলের জন্যও এবারের ভেনিস বিশেষ হয়ে থাকবে। কারণ, এটি তাঁর প্রথম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র এবং প্রথম কোনো বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। একই ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

সেরা অভিনেতা জন মালকোভিচ

‘ওয়াইল্ড হর্স নাইন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ৭২ বছর বয়সী জন মালকোভিচ। ছবিটিতে তাঁকে দেখা গেছে একজন প্রবীণ সিআইএ এজেন্টের চরিত্রে।

ষাটের দশকের চিলির পটভূমিতে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মার্টিন ম্যাকডোনা। এতে মালকোভিচের সঙ্গে অভিনয় করেছেন স্যাম রকওয়েল। পুরস্কার গ্রহণের সময় অবশ্য ভেনিসে উপস্থিত ছিলেন না মালকোভিচ। অন্য একটি সিনেমার শুটিংয়ের কারণে তিনি তখন কানাডার মন্ট্রিয়লে ছিলেন। ভিডিও বার্তায় পুরস্কারের জন্য জুরি সদস্যদের পাশাপাশি পরিচালক ও সহশিল্পীদের ধন্যবাদ জানান তিনি।

আলোচনায় গাজা নিয়ে নির্মিত ‘নাজা’

এবারের উৎসবের অন্যতম আলোচিত ছবি ছিল ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’। গাজা সংঘাতকে কেন্দ্র করে নির্মিত ছবিটি পেয়েছে বিশেষ জুরি পুরস্কার।

প্রদর্শনী শেষে ছবিটির নির্মাতারা দর্শকদের কাছ থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে অভিবাদন পান। রাজনৈতিক বাস্তবতা ও মানবিক সংকটের গল্প তুলে ধরার কারণে উৎসবজুড়েই আলোচনায় ছিল তথ্যচিত্রটি।

অন্য যেসব পুরস্কার

মূল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’।

সেরা পরিচালকের সিলভার লায়ন পেয়েছেন ইলিয়া ক্রঝানভস্কি ‘দাও’ ছবির জন্য। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন ‘আ গুড লিটল সোলজার’-এর স্টেফান ব্রিজে, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্স।

তরুণ অভিনয়শিল্পীদের জন্য দেওয়া মারচেলো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন ‘আ প্লেস টু হিল’-এর মালু খেবিজি।

প্রথম চলচ্চিত্র নির্মাতার জন্য দেওয়া লুইজি দে লরেন্তিস পুরস্কার পেয়েছে অগুস্ত বার্নার কুয়েমো ইয়াংহুর ‘হাউস অব দ্য উইন্ড’। আর দর্শকদের ভোটে আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছে আলিনা শেরবানের ‘আই ম্যাটার’।

এবারের উৎসবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন।

বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসর শেষ হলেও এখন সিনেমাপ্রেমীদের নজর থাকবে পুরস্কারজয়ী এসব ছবির পরবর্তী যাত্রার দিকে বিশেষ করে কোন কোন সিনেমা আগামী পুরস্কার মৌসুমে আলোচনায় জায়গা করে নেয়, সেটিই এখন দেখার বিষয়।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *